মিন্টু ইসলাম:বগুড়ার শেরপুরে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুঃস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টায় শেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান লাবলুর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রায় ৩০০ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শেরপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মারুফ, কৌশিক কুন্ডু, তন্ময় সরকার, ছাত্রনেতা উচ্ছল সরকার, সৌরভ সবুজ, যুবনেতা বিশাল পোদ্দার, রিপন মোহন্তসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে এই খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় তারা শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।

