এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হবে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। বাংলাদেশ মুজাহিদ কমিটি ধুনট থানা শাখার আয়োজনে ধুনট বাজার হাইস্কুল মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার বাদ আসর থেকে শুরু হতে যাওয়া এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শায়খুল হাদিস ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি কুরআন ও হাদিসের আলোকে ধর্মীয় ও নৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন বগুড়ার জামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ওলামায়ে কেরামও এতে বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে ওয়াজ ও নসিহতের পাশাপাশি হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে। আত্মশুদ্ধি, নৈতিক মূল্যবোধ, ইসলামী জীবনাচরণ এবং নফস ও শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকার বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে ধুনট ও আশপাশের এলাকায় প্রচার-প্রচারণা চালানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে।
মাহফিলে অংশ নিয়ে ধর্মীয় আলোচনা শোনা ও জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধির সুযোগ গ্রহণের জন্য সর্বস্তরের মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

