এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুনট উপজেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ‘রুকন টি.সি ২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির দ্বিতীয় দিনে ‘বর্তমান প্রেক্ষাপটে মিডিয়ার করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও মিডিয়া ও প্রচার সেক্রেটারি নুর মোহাম্মদ আবু তাহের।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা আগের যেকোনো সময়ের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা অপরিহার্য। কোনো তথ্য প্রকাশের আগে নির্ভরযোগ্য উৎস থেকে তা যাচাই করে নেওয়া এবং বিভ্রান্তিকর, অসম্পূর্ণ বা অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
নুর মোহাম্মদ আবু তাহের আরও বলেন, গণমাধ্যম মানুষের কাছে সত্য, নির্ভরযোগ্য ও প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম। তাই সাংবাদিকদের সততা, দায়িত্বশীলতা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আলোচনা পর্বে বর্তমান সময়ে গণমাধ্যমের চ্যালেঞ্জ, সংবাদ যাচাইয়ের প্রয়োজনীয়তা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সমসাময়িক বিষয়, দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ ও কর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাংগঠনিক সক্ষমতা জোরদার এবং দায়িত্বশীল নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা সমৃদ্ধ করার সুযোগ পান।

