https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে নাবালককে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, ছেলের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা

admin
October 5, 2026 12:08 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোর সাজিম বাবুকে বিয়ের দাবিতে এক নারীর অনশনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নারী নিজেকে ৩৫ বছর বয়সী রেখা খাতুন বলে পরিচয় দিয়েছেন। তাঁর দাবি, মোবাইল ফোনে যোগাযোগের সূত্র ধরে ওই কিশোরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং কিশোর তাঁকে বিয়ের আশ্বাস দিয়েছে। তবে কিশোরের পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরে তাঁদের কাছে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হচ্ছে।

‎ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর উত্তরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রেখা খাতুন ওই কিশোরের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন আসছেন বলে স্থানীয়রা জানান।

‎রেখা খাতুন সংবাদকর্মীদের বলেন, মোবাইল ফোনের মাধ্যমে ওই কিশোর সাজিম বাবুর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ও কথাবার্তা হতো। একপর্যায়ে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। সাজিম তাঁকে বিয়ে করার আশ্বাস দেওয়ায় তিনি ঢাকায় তাঁর কর্মস্থল থেকে বাড়িতে ফিরে আসেন। বর্তমান স্বামীকে তালাক দিয়ে সাজিমকে বিয়ে করতে চান বলেও জানান তিনি। তাঁর দাবি, তাঁর ১৪ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

‎তবে সাজিম বাবুর বাবা সাজাদুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টির সঙ্গে তাঁদের পরিবারের পুরোনো বিরোধ জড়িত। তাঁর অভিযোগ, স্থানীয় আব্দুল গফুর মালা (৭০), জিয়ারুল (৩৫), এশাদুল ইসলাম (৩০) ও আছফুল বেওয়াসহ কয়েকজন ব্যক্তি তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর নাবালক ছেলে ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দেওয়ার এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া হচ্ছে।

‎ধুনট থানায় দেওয়া লিখিত অভিযোগে সাজাদুল ইসলাম উল্লেখ করেন, গত ১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে গিয়ে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁর নাবালক ছেলে ও তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলা করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়েছে, দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় কথিত সালিশের মাধ্যমে এক বিবাহিত নারীর সঙ্গে তাঁর নাবালক ছেলের বিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। ওই নারীর ১৪ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎সাজাদুল ইসলাম আরও অভিযোগ করেন, প্রায় দুই দশক আগে তাঁর ছোট ভাইয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছিল। ওই মামলাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে তাঁদের পরিবারের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ নেওয়া এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এরপর থেকেই সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছে বলে দাবি তাঁর।

‎লিখিত অভিযোগে তিনি আরও বলেন, পূর্ববিরোধের জেরে তাঁর নাবালক ছেলে সাজিম বাবুকে একটি মামলায় জড়ানোর জন্য একটি পক্ষ নানা ধরনের চেষ্টা করছে। পরিবারের আর্থিক অসচ্ছলতার সুযোগ নিয়ে তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাজাদুল ইসলাম।

‎অভিযোগের সমর্থনে সাক্ষী হিসেবে জামাল উদ্দিন (৬৫), সাইদুল ইসলাম (৩২) ও তাপসি আক্তারের (৩৫) নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয় আরও কয়েকজন বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলেও অভিযোগকারী দাবি করেছেন।

‎এদিকে নাবালকের বাড়িতে এক নারীর বিয়ের দাবিতে অবস্থান ও অনশনকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে ঘটনাটি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে জন্য দ্রুত তদন্তের দাবি জানিয়েছে কিশোরের পরিবার।

‎এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, সাজাদুল ইসলামের একটি লিখিত অভিযোগ থানায় পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎নাবালকের বাড়িতে ওই নারীর অনশনের বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।