স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রামে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাশিদা খাতুন (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার স্বামী রনি আহমেদ আরিফ রাব্বানী (৩৮) পলাতক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (৫ সেপ্টেম্বর) নন্দীগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে রাশিদা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিষ্ণুপুর গ্রামে রনি আহমেদ আরিফ রাব্বানীর বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘরের দরজার আড়ালে থাকা রাশিদা খাতুনের ডান হাতে থাকা একটি ছোট পার্স থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় তার স্বামী রনি আহমেদ আরিফ রাব্বানী পালিয়ে যান।
গ্রেপ্তার রাশিদা খাতুন নন্দীগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী রনি আহমেদ আরিফ রাব্বানীর স্থায়ী ঠিকানা নাটোর সদর থানার কানাইখালী এলাকায় বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে নন্দীগ্রাম থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পলাতক রনি আহমেদ আরিফ রাব্বানীকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

