শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নে একটি চোরাই মহিষ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর তৎপরতায় মহিষটি আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে চোর চক্রের দুই সদস্য।
গতকাল রবিবার (২১ জুন) রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার হওয়া মহিষটি শেরপুর থানা হেফাজতে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেল্লা দক্ষিণপাড়া এলাকার রফিক নামের এক পিকআপ চালক গত তিন দিন আগে একটি মহিষ এনে তার বাড়িতে বেঁধে রাখেন। একজন পিকআপ চালকের বাড়িতে হঠাৎ মহিষ আসায় এবং তা বিক্রির কোনো লক্ষণ না দেখে স্থানীয় প্রতিবেশীদের মনে সন্দেহের দানা বাঁধে।
রবিবার রাতে মহিষটির বিষয়ে রফিককে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে সদুত্তর দিতে ব্যর্থ হয়। একপর্যায়ে এলাকাবাসী চোর সন্দেহে মহিষটি আটকে রেখে শেরপুর থানা পুলিশকে খবর দেয়। বেগতিক দেখে গণধোলাইয়ের ভয়ে পিকআপ চালক রফিক ও তার মোটরসাইকেল আরোহী এক সহযোগী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মহিষটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র বলেন,উদ্ধারকৃত মহিষটি বর্তমানে থানা হেফাজতে নিরাপদ রয়েছে। মহিষ উদ্ধারের সময় ঘটনাস্থলে মূল অভিযুক্তদের পাওয়া যায়নি, তারা আগেই পালিয়ে গেছে। আমরা মহিষটির প্রকৃত মালিকের সন্ধান করছি। প্রকৃত মালিকের খোঁজ মিললে এবং তারা লিখিত অভিযোগ বা মামলা করলে তা গ্রহণ করে চোর চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পলাতক পিকআপ চালক রফিক ও তার সহযোগীকে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

