ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী ১০ম স্থলবাহিনী সংলাপ (এলএফটি)-২০২৬ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংলাপের সমাপ্তি হয়। গত ২৬ ও ২৭ অক্টোবর অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে, গত ২৬ অক্টোবর সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল জাইলস জে. এস. কর্নেলিয়া। তিনি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) কৌশল ও পরিকল্পনাবিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের পক্ষে সংলাপে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।
সংলাপে উভয় পক্ষ সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে।
এ ছাড়া প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও দুই পক্ষ গুরুত্ব দেয়।
সংশ্লিষ্টদের আশা, এ ধরনের সংলাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে।

