স্টাফ রিপোর্টার:
রাজধানীর ঢাকার উত্তরার আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে গেছে একটি ট্রাক। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা।
তিনি জানান, আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর একটি ট্রাক উঠে গেলে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়।
তিনি আরও জানান,
নিহতদের মধ্যে জাভেদ আলম (৫৫), তার ভাগনে নাঈম হক (৩২) এবং ফাহিম (২৩) রয়েছেন। নিহত জাভেদ পেশায় ব্যবসায়ী ছিলেন। তার ভাগনে নাঈম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, আর ফাহিম আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
তারা স্থানীয় এক হাসপাতালে স্বজনকে দেখে খিলক্ষেতের বাসায় ফিরছিলেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক জব্দ এবং চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

