স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বগুড়ার মহাস্থানগড় মাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে মাজার প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
শনিবার (৩০ মে) বাদ জোহর অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর শাহে আলম।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামের এক অনন্য প্রতীক। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও দেশপ্রেম আজও জাতিকে অনুপ্রাণিত করে। তাঁর আদর্শকে ধারণ করেই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে আমাদের এগিয়ে যেতে হবে।”
আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচি উপলক্ষে দুটি গরু জবাই করে প্রায় দেড় হাজার মানুষের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

