নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে দুটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সিটপাড়া এলাকার খোকন আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী খোকন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গড়কান্দা সাহাপাড়া এলাকার গৌর ভান্ডার চানাচুর ফ্যাক্টরিতে একই আইনের ৩৭ ও ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নির্মল সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নালিতাবাড়ীর স্যানিটারি ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অভিযানের নিরাপত্তায় শেরপুর পুলিশ লাইন্সের একটি দল দায়িত্ব পালন করে।

