দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ৭ জুলাই ২০২৬: জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সংসদ অধিবেশনের নামাজের বিরতিতে তিনি তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে দেশ গঠনে অবদান রাখতে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
সংসদ পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। এ সময় তারা সংসদ ভবনের বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবিও তোলেন।
এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন, নটর ডেম কলেজের ৫৩ জন (৪৩ শিক্ষার্থী ও ১০ শিক্ষক), বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের চার বিদেশি শিক্ষার্থীসহ আটজন এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান।

