দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনী ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে বলে দলটির নেতারা জানিয়েছেন।
এনসিপির অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গোলাপগঞ্জে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া একদল ব্যক্তি বহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বহরের কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানও দেওয়া হয় বলে দাবি করেছে দলটি।
ঘটনার সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার অভিযোগের পর বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দুপুরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) পরিদর্শন করেন। সেখান থেকে গোলাপগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

