দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ২২ অক্টোবর ২০২৬: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর চিকিৎসাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত অবগত হন।
একই সময়ে মন্ত্রীকে দেখতে হাসপাতালে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি মন্ত্রীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. আউয়াল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কুমিল্লার সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম, শজিমেক ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আহসানুল কবীর এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মেহরাব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. আব্দুল মঈন খানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা. সাহাব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে উপস্থিত নেতৃবৃন্দ মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর প্রতি সহমর্মিতা ও শুভকামনার বার্তা পৌঁছে দেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপিকে দেখতে যান। সেখানে তিনি তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন।

