
বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে টাপেন্টাডল ট্যাবলেটসহ সৌরভ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে বগুড়া সদর উপজেলার দাড়িয়াল উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার সৌরভ ওই এলাকার বাসিন্দা। তিনি লুৎফর রহমানের ছেলে।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় সৌরভের কাছ থেকে পাঁচ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে উদ্ধার করা টাপেন্টাডল ট্যাবলেটগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
এম এ রাশেদ স্টাফ রিপোর্টার 



















