দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াড (ইজিএমও)-এ পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম তৃণমূল ও বিদ্যালয় পর্যায়ে আরও বিস্তৃত করার বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বিদ্যালয় পর্যায়ে গণিত অলিম্পিয়াডের জন্য তহবিল গঠন এবং কার্যক্রমভিত্তিক গণিত শিক্ষা চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জানান।
পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের গণিত বিষয়ে দক্ষতা যাচাইয়ে পৃথক পরীক্ষা চালুর প্রস্তাবও গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা প্রদান করা হবে।

