দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ (রবিবার): আজ বাংলাদেশ সেনাবাহিনী এবং এপিবিএন এর সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবস্থিত নয়াপাড়া রেজিষ্টার্ড এফডিএমএন ক্যাম্পে একটি যৌথ অভিযান পরিচালনা করে।
গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশ সেনাবাহিনী এবং মানবপাচারকারী দলের মধ্যকার গুলিবিনিময়ের ঘটনায় জড়িত ডাকাত এবং মাদক ও মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার করার উদ্দেশ্যে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে উপস্থিতি টের পেয়ে চক্রটির সদস্যরা ঘটনাস্থল হতে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল হতে ২ টি ফাইভ স্টার পিস্তল, ৪ রাউন্ড এ্যামুনিশন এবং ৩ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে চিহ্নিত ডাকাত ও সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

