এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, সম্ভাবনা ও করণীয় নিয়ে বগুড়ায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বগুড়ার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা এমপি।
সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা (ম্যাজিস্ট্রেট) মোঃ তৌফিকুর রহমান।
সভায় করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা, পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর করা, নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসন এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পায়।
বক্তারা বলেন, করতোয়া নদী বগুড়ার পরিবেশ, কৃষি, জনজীবন ও স্থানীয় অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। দীর্ঘদিনের পলি জমা, দখল ও দূষণসহ বিভিন্ন কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে এর প্রভাব পড়ে কৃষি, যোগাযোগ ও পরিবেশের ওপর। তাই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে নদী ব্যবস্থাপনা উন্নত করা প্রয়োজন।
সভায় প্রকল্পের আওতায় সম্ভাব্য কার্যক্রম, বাস্তবায়ন প্রক্রিয়া, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে জনগণের সম্পৃক্ততার বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা প্রকল্প বাস্তবায়নে কারিগরি পরিকল্পনা ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

