https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 2 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ হবে তরুণরা, দেশজুড়ে শুরু জাতীয় এআই প্রশিক্ষণ কর্মসূচি

admin
August 2, 2026 9:21 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে দেশব্যাপী জাতীয় এআই প্রশিক্ষণ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
‎রোববার (২ আগস্ট) বগুড়ার মম ইন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

 

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, প্রকল্প পরিচালক ও প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই হাজার প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও সমন্বয়কারীরা ভার্চ্যুয়ালি যুক্ত হন। বক্তারা তরুণদের আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান।
‎উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সময়ের দাবি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের তরুণরা দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারবে।’’

‎তিনি বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচি কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
‎স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিগত দক্ষতা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যাওয়া কঠিন। সরকারের এ উদ্যোগ তৃণমূল পর্যায়ের তরুণদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

‎জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, দক্ষ ও প্রযুক্তিবান্ধব মানবসম্পদ তৈরি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলন ও অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের আহ্বান জানান তিনি।
‎ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের আধুনিক এআই টুল, প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে তরুণরা দেশীয় পাশাপাশি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিভিত্তিক কর্মক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন।

‎সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম বলেন, এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে তথ্যপ্রযুক্তিতে আগ্রহী যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষ করে তোলা। প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা বাড়বে।
‎অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের প্রথম ধাপে দেশের ৬৪ জেলা থেকে ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে। পর্যায়ক্রমে ৪৪৮টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ব্যাচে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন।
‎প্রতিটি প্রশিক্ষণ কোর্সের মেয়াদ দুই মাস। এ সময়ে ৫০টি ক্লাসের মাধ্যমে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এআই প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল সেবা প্রদান, অনলাইন কর্মসংস্থান এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

‎অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান ফ্রিল্যান্সিং প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কারী আটজন ফ্রিল্যান্সারের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। এছাড়া রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ২৪ জন সফল ফ্রিল্যান্সারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
‎সরকারের সংশ্লিষ্টরা আশা করছেন, জাতীয় এআই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম প্রযুক্তির নতুন সম্ভাবনা কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।