ঢাকা প্রতিনিধি:
২২ আগস্ট ২০২৬, শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ জনগণকে দেওয়া পুলিশের সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
মন্ত্রী থানার বিভিন্ন ফ্লোরে অবস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন। এ সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের কাজের পরিবেশ ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি সম্পর্কেও তিনি খোঁজ নেন।
পরিদর্শনকালে থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। জিডি ও অভিযোগ দায়ের করতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শুনে তা দ্রুত, স্বচ্ছ ও যথাযথভাবে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন।
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে আইজিপি মোঃ আলী হোসেন ফকির ডিএমপির পল্টন মডেল থানা পরিদর্শন করেন। তিনি থানায় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন অপারেশনাল ও প্রশাসনিক বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় আইজিপি থানায় সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গেও কথা বলেন এবং তাদের দ্রুত, নিরপেক্ষ ও যথাযথ সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

