স্টাফ রিপোর্টার:
বগুড়ার সারিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার এবং নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বড় কুতুবপুর ও উপজেলা রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলামের সার্বিক নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার ‘রুপা ব্রেড অ্যান্ড বিস্কুট’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে পাউরুটি তৈরি করা হচ্ছিল। এ ছাড়া বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা সত্ত্বেও লোগো ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে বিস্কুট ও কেক বাজারজাত এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ‘গোল্ডেন ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে’ খাবার তৈরিতে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং নিষিদ্ধ ঘোষিত এনার্জি ড্রিংক ‘রেড বুল’ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে রেস্টুরেন্টটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অপরাধ স্বীকারের ভিত্তিতে প্রতিষ্ঠান দুটিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net

