এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি উৎপাদন এবং খাদ্য তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ও শিল্পকারখানায় ব্যবহৃত লবণ প্রয়োগের অভিযোগে ‘আবুল হোটেল’-এর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত বগুড়া মহানগরের খাজাপাড়া এলাকায়, করতোয়া নদীর পশ্চিম পাশে অবস্থিত প্রতিষ্ঠানটির নিমকি তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানাটিতে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের চিত্র উঠে আসে। খোলা আকাশের নিচে এবং খোলা টয়লেটের পাশে নিমকি তৈরি করতে দেখা যায়। এ ছাড়া নিমকি তৈরিতে নিষিদ্ধ সাল্টু ও হাইড্রোজ রাসায়নিক, শিল্পকারখানায় ব্যবহৃত লবণ এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক মো. শাজাহান অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে কারখানা থেকে জব্দ করা নিষিদ্ধ হাইড্রোজ, সাল্টু ও ইন্ডাস্ট্রিয়াল লবণ উপস্থিত লোকজনের সামনে ধ্বংস করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে দ্রুত কারখানাটি অন্যত্র স্থানান্তর এবং খাদ্য উৎপাদনে সরকারের প্রচলিত আইন, বিধি-বিধান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বগুড়ার সাধারণ সম্পাদক মোছা. ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন।
অভিযানকালে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

