স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ও রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ছামিদুল ইসলাম (৩০)। তিনি উপজেলার চক কল্যাণী গ্রামের নূরুল আমিনের ছেলে। অপরজন হলেন গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জাহিদ উদ্দিন (৪০)। তিনি গাড়িদহ ইউনিয়নের কানচনপুর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার এফআইআর নম্বর-১৭, তারিখ ১৫ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৩২৭-এর একটি মামলায় তদন্তের সূত্র ধরে তাঁদের নাম উঠে আসে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪ ও ৬ ধারায় দায়ের করা হয়েছে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে সুঘাট ইউনিয়নের জয়লাজুয়ান বাজার এলাকা থেকে ছামিদুল ইসলামকে আটক করা হয়। একই দিন রাত ৭টার দিকে উপজেলার গাড়িদহ বাজার এলাকা থেকে জাহিদ উদ্দিনকে আটক করেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, আটক দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

