স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বগুড়ার শেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কে এম মাহবুবুর রহমান হারেজের জিপ গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চালক আহত হয়েছেন। তবে কে এম মাহবুবুর রহমান হারেজ সামান্য আঘাত পেয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাড়ে ৩টার দিকে পাবনা যাওয়ার পথে পাবনার বেড়া শহরের একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কে এম মাহবুবুর রহমান হারেজকে বহনকারী জিপ গাড়িটি বেড়া শহরের মোড় অতিক্রম করার সময় একটি বড় ভটভটি মোড় থেকে সড়কে ওঠার চেষ্টা করে। এ সময় ভটভটিটি জিপ গাড়িতে ধাক্কা দিলে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় জিপের চালক আহত হন।
পরে আহত চালককে বেড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে, কে এম মাহবুবুর রহমান হারেজ প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সুস্থ অবস্থায় গন্তব্য পাবনায় পৌঁছান।

