এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি নূর মোহাম্মদ রাঙ্গার বিরুদ্ধে কথিত মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে শহরের মুক্তির ফুলবাড়ী বিসিক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল শহর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন মিঠু।
এ সময় বক্তব্য দেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ও সাবেক সভাপতি (১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল) শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া শহর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল সরকার, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন, ছাত্রদল নেতা মো. আবিদ হাসান, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শেখ প্রজেক্ট এবং বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক নজরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতাউর রহমান আতা, ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল প্রামাণিক ও জিয়াদ হাসান মারুফ, সাবেক যুবদল নেতা শাফি মিয়া, রিপন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা নিয়ন, সজীব, মাহিন, সামিউল, রাহাত, বাপ্পা, সাহেব আলী, কাজল, আনোয়ার, আলাল, বিপ্লব, জুয়েল, আশিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নূর মোহাম্মদ রাঙ্গার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তারা বলেন, এ ধরনের অপতৎপরতা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ ও সামাজিক সম্প্রীতির জন্যও হুমকিস্বরূপ।
বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অভিযোগের নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তারা অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ থেকে বক্তারা আরও দাবি করেন, লিটন শেখ বাঘা, সাদেক আলী ও মো. বকুল মোল্লার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হোক। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

