এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে শ্রমিকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক জেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় বগুড়া শহরের কলোনী এলাকায় অবস্থিত শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করে সংগঠনটির বগুড়া জেলা শাখা।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বগুড়া জেলা শাখার সভাপতি মনজুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন জরুরি। শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা ও মর্যাদা নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম সাধারণ শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে অসুস্থ ও অসহায় শ্রমিকদের খোঁজখবর নেওয়া এবং তাদের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, পেশাভিত্তিক ট্রেড ইউনিয়ন গড়ে তোলা এবং বিদ্যমান ইউনিয়নগুলোকে কার্যকর রাখতে উদ্যোগ নিতে হবে। শ্রমিকদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি স্থানীয় নির্বাচনেও সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আতাউর রহমানের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।
অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার বলেন, সংগঠনের লক্ষ্য অর্জনে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাংগঠনিক ভিত্তি মজবুত করতে সদস্য ও কর্মী বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে পুনরায় আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার প্রস্তুতি রাখার কথাও বলেন তিনি।
বৈঠকে বক্তারা শ্রমিকদের সমস্যা চিহ্নিত করা, অধিকার আদায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংগঠনের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো ও মাঠপর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে শ্রমিকদের আস্থা অর্জনের আহ্বানও উঠে আসে আলোচনায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখার সহ-সভাপতি ও শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী আব্দুল মতিন, জেলা সহ-সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, জেলা সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন এবং জেলা কোষাধ্যক্ষ আলমগীর হোসেন।
এ ছাড়া জেলা কমিটির সদস্যসহ বিভিন্ন উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা বৈঠকে অংশ নেন।

