
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গড় মহাস্থান ইসলামী যুব সমাজ। সংগঠনটির উদ্যোগে মাসিক আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে মহাস্থান হযরত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতি আরবি মাসের ১৩ তারিখে এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নিয়মিতভাবে এ মাসিক আলোচনা সভার আয়োজন করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মহাস্থান মাজার মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মো. মামুনুর রশিদ।
দোয়া মাহফিল শেষে উপস্থিত প্রায় এক হাজার থেকে বারো শতাধিক অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের মধ্যে তোবারক হিসেবে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফা আব্দুর মমিন কাদিরী, মহাস্থান মাজার মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল হামিদ, সমাজসেবক আব্দুল আলিম ও আজিজার রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম সাজু, সাধারণ সম্পাদক এস আই সুমন, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, প্রচার সম্পাদক আব্দুল বারী, সদস্য সহিদুল ইসলাম স্বাধীন, সাংবাদিক ইউসুফ আলী ও মেহেরাজ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম, বিশিষ্ট হাট ব্যবসায়ী জিয়াউর রহমান (জিয়া), আব্দুল কাইউম, পায়েল ও আরিফসহ অনেকে।
অনুষ্ঠানে গড় মহাস্থান ইসলামী যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য দেন ইসমাইল হোসেন (তাইজুল)। তিনি বলেন, প্রতি বছর সংগঠনের উদ্যোগে বড় পরিসরে ইসলামী জলসার আয়োজন করা হয়। বয়সে তরুণ হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে অনিচ্ছাকৃত ভুলত্রুটি হতে পারে। তাই এলাকার মুরুব্বি ও অভিভাবকদের প্রতি তিনি ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার পাশাপাশি প্রতি মাসের আলোচনা সভায় উপস্থিত থেকে তরুণদের উৎসাহিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এলাকার মানুষের সহযোগিতা, পরামর্শ, আর্থিক অনুদান ও আন্তরিক উৎসাহ পেলে সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে।
আয়োজক কমিটির সদস্য আব্দুর মমিন, ইসমাইল হোসেন (তাইজুল), হারুন, সাগর, জুয়েল, জিহাদ, রবি, সিহাব, বক্কর ও রিয়াদ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব ছড়িয়ে দিতে তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণদের এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এম এ রাশেদ স্টাফ রিপোর্টার 


















