
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উৎসাহিত করতে বগুড়ার শেরপুরে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করেছে মেরিডিয়ান একাডেমি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেধা তালিকায় স্থান অর্জনকারী ২০ জন কৃতী শিক্ষার্থীকে বিভিন্ন মূল্যমানের শিক্ষা উপহার প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এসএসসি-২০২৭ প্রস্তুতি কোর্স ও এক্সাম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় মেরিডিয়ান একাডেমি কোচিং সেন্টারের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় মেধাবৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরিডিয়ান একাডেমির পরিচালক আসাদুল ইসলাম রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের স্বনামধন্য শিক্ষক ও শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা মিঠু স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আজাদুল ইসলাম এবং মেরিডিয়ান একাডেমির সহকারী পরিচালক আফিয়া আক্তার বিথী।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের গণিতের প্রভাষক সাইফুল ইসলাম, শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের রসায়নের সহকারী শিক্ষক মো. মাসুদ হাসান জুয়েল, সামিট স্কুল অ্যান্ড কলেজের জীববিজ্ঞানের প্রভাষক আব্দুল মমিন ও মোহাম্মদ আল-আমিন নিলয়, পদার্থবিজ্ঞানের প্রভাষক রতন মন্ডল, ইসলাম শিক্ষার সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ ইউনুসুজ্জামান, মেরিডিয়ান একাডেমির রসায়নের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহ সুলতান, গণিতের সহকারী শিক্ষক আসাদুল ইসলাম আসাদ, শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা মোছা. সাদিয়া খাতুন এবং মেরিডিয়ান একাডেমির সহকারী শিক্ষক হৃদয় আহমেদ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল ঘোষণা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ। এতে প্রথম স্থান অর্জন করেছে শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মুমতাহিনা প্রজ্ঞা। দ্বিতীয় স্থান অর্জন করেছে পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ রাইম এবং তৃতীয় স্থান অর্জন করেছে শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. আফফান মাহিন।
পুরস্কার হিসেবে প্রথম স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৪ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপহার প্রদান করা হয়। এ ছাড়া মেধা তালিকায় স্থান অর্জনকারী মোট ২০ জন কৃতী শিক্ষার্থীকে বিভিন্ন মূল্যমানের শিক্ষা উপহার দিয়ে পুরস্কৃত ও সম্মানিত করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং পড়াশোনার প্রতি আগ্রহ তৈরিতে মেধাবৃত্তি পরীক্ষার মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান। অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
একই অনুষ্ঠানে মেরিডিয়ান একাডেমির এসএসসি-২০২৭ প্রস্তুতি কোর্স ও এক্সাম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
মেরিডিয়ান একাডেমির পরিচালক আসাদুল ইসলাম রাজু জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলতে মেরিডিয়ান একাডেমি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে।
Reporter Name 














