
বগুড়ার শেরপুরে জমি জোরপূর্বক দখল, বাড়িঘর নির্মাণ ও গাছপালা লাগানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোঃ রাজু মিয়া নামে এক ব্যক্তি। এ সময় তিনি জমি বুঝে পাওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বুধবার (২৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজু মিয়া এসব অভিযোগ করেন। তিনি শেরপুর উপজেলার রহমতপুর গ্রামের মৃত হযরত আলী মন্ডলের ছেলে।
লিখিত বক্তব্যে রাজু মিয়া জানান, ১৯৮৮ সালের ৬৬ নম্বর বণ্টন মোকদ্দমার রায়ের মাধ্যমে সাবেক ১ নম্বর দাগে ৫৫ দশমিক ৫ শতক এবং ২৩ নম্বর দাগে ২০ শতকসহ মোট ৭৫ দশমিক ৫ শতক জমির মালিকানা ও দখল পান ১০ নম্বর বিবাদী শ্রী হরেন তাঁতি। আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁকে ওই জমি বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি হযরত আলী মন্ডলের কাছে জমি বিক্রি করেন।
রাজু মিয়ার দাবি, হযরত আলী মন্ডল ২০০২ সালে ৭৫৫৩ নম্বর দলিলের মাধ্যমে জমি ক্রয় করে ভোগদখল শুরু করেন। পরবর্তী সময়ে তাঁর নামে জমির রেকর্ড হয় এবং তিনি নিয়মিত খাজনা-খারিজ পরিশোধ করেন। হযরত আলী মন্ডলের মৃত্যুর পর তাঁর ওয়ারিশ হিসেবে ছয়জন জমির মালিকানা পান। তাঁদের মধ্যে রাজু মিয়াও রয়েছেন।
রাজু মিয়া অভিযোগ করেন, মোঃ বদিউজ্জামান, মোঃ ইয়াকুব আলী, মোছাঃ মেরিনা খাতুন, মোছাঃ মনোয়ারা বেগম, আব্দুল মালেক কাইঞ্চে, মোঃ রজব আলী, মোঃ আব্দুল মোমিন ও মোঃ মিঠুন তাঁর জমিতে জোরপূর্বক বাড়িঘর নির্মাণ ও গাছপালা লাগিয়েছেন। তিনি তাঁদের বাধা দিলে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, এ নিয়ে গ্রাম ও থানায় একাধিকবার সালিশি বৈঠক হয়েছে।
বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁর জমি তাঁকে বুঝিয়ে দেওয়ার পরামর্শ দেন। তবে অভিযুক্তরা জমি বুঝিয়ে দেওয়ার কথা বললেও বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগ করেন তিনি। রাজু মিয়ার দাবি, তাঁর জমি সাবেক ১ নম্বর দাগের ৫৫ দশমিক ৫ শতক এবং সাবেক ২৩ নম্বর দাগের ২০ শতক। বর্তমানে জমিটি ৫, ৬, ৭ ও ৮ নম্বর দাগে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া ৪৩ নম্বর খতিয়ানের সাবেক ২৩ নম্বর দাগের বর্তমান ২৮৬ নম্বর দাগে ২০ শতক জমি এবং ৩৫৩ নম্বর খতিয়ানের কথাও লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা ও মানববন্ধন করা হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে রাজু মিয়া প্রশাসনের কাছে জমির প্রকৃত মালিকানা ও দখলসংক্রান্ত বিষয়টি তদন্ত করে তাঁর জমি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তিনি। উল্লেখ্য, জমি নিয়ে বিরোধের বিষয়ে রাজু মিয়ার লিখিত বক্তব্যে এসব অভিযোগ করা হয়েছে।
শেরপুর বগুড়া প্রতিনিধি: 


















