এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার রহবল ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন নির্ধারিত পাকুড়তলার পরিবর্তে রহবল এলাকায় নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রহবল বন্দরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মোকামতলা এলাকার প্রশাসনিক কার্যক্রমকে আরও সহজ ও জনবান্ধব করতে ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। নতুন ইউনিয়নের নাম নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয়ভাবে মতামত নেওয়ার অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে একাধিক গণশুনানিও অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের দাবি, গত ২৩ জুন ভরিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত গণশুনানিতে দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের পক্ষে প্রায় ১ হাজার ১০০ জন মতামত দেন। পরে ২৫ জুন রহবল হাই স্কুল মাঠে আয়োজিত গণশুনানিতে প্রায় ৩ হাজার ৭০০ জন রহবল নামের পক্ষে সমর্থন জানান। পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নটির নাম ‘রহবল ইউনিয়ন’ হিসেবে চূড়ান্ত করা হয়।
বক্তারা আরও বলেন, রহবল ইউনিয়নের আওতায় রয়েছে মোট আটটি মৌজা। এর মধ্যে ছয়টি মৌজা রহবল বাজারকেন্দ্রিক এবং দুটি মৌজা পাকুড়তলাকেন্দ্রিক। ফলে ইউনিয়নের অধিকাংশ মানুষের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও দৈনন্দিন কর্মকাণ্ড রহবল বাজারকে ঘিরেই পরিচালিত হয়।
তাদের অভিযোগ, ইউনিয়নের নাম রহবল রাখা হলেও পরিষদ ভবনটি রহবলে নির্মাণ না করে পাকুড়তলার কৃষ্ণপুর মৌজায় নির্মাণের প্রস্তুতি চলছে। প্রস্তাবিত স্থানটি মোকামতলা পৌরসভা থেকে মাত্র প্রায় ১০০ গজ দূরে হওয়ায় ইউনিয়নের বড় একটি অংশের মানুষের জন্য সেখানে যাতায়াত তুলনামূলকভাবে অসুবিধাজনক হবে বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি ইউনিয়নের প্রশাসনিক কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে শুধু জমির প্রাপ্যতা নয়, সাধারণ মানুষের যাতায়াত, ভৌগোলিক অবস্থান ও সেবা গ্রহণের সুবিধাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। রহবল বাজারকে কেন্দ্র করে ইউনিয়নের অধিকাংশ মানুষের চলাচল থাকায় ইউপি ভবন রহবলে নির্মাণ করা হলে নাগরিক সেবা গ্রহণ আরও সহজ হবে।
এ সময় ইউনিয়নের নাম ও প্রশাসনিক কেন্দ্রের মধ্যে সামঞ্জস্য রেখে দ্রুত রহবল এলাকায় পরিষদ ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। প্রয়োজনে ইউপি ভবনের উপযুক্ত স্থান নির্ধারণে নতুন করে গণশুনানির আয়োজনেরও দাবি জানান তারা।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত রহবল এলাকায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা ঘোষণা না এলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সাবিত হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ব্যবসায়ী মতিউর রহমান, সজিব ইসলাম, বেলাল সরকার, রাখিবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

