এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়া সদর উপজেলার মালগ্রাম চাপড়পাড়া এলাকার মোঃ বাবলু প্রাংয়ের ছেলে মোঃ পারভেজ (৩১) এবং বগুড়া সদর থানার বাদুরতলা এলাকার মৃত ইয়াছিন ফকিরের স্ত্রী মোছাঃ বেদেনা ওরফে এলিজা (৭২)।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে তারা গ্রেপ্তার এড়িয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে পৃথক অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব জানায়, জিআর মামলা নং-১১৫২/২২ (সদর), প্রসেস নং-২১৬/২০২৬-এর মাদক মামলায় মোঃ পারভেজকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পারভেজের অবস্থান নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে বগুড়া সদর থানাধীন খানদার পাসপোর্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, জিআর নং-৮৩৯/১৫ (সদর), প্রসেস নং-২০৯/২০২৬-এর মাদক মামলায় মোছাঃ বেদেনা ওরফে এলিজাকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গোপন সংবাদের ভিত্তিতে বেদেনা ওরফে এলিজার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে বগুড়া সদর থানার বাদুরতলা মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানকালে তাকেও গ্রেপ্তার করা হয়।
সিপিএসসি বগুড়া, র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

