মিন্টু ইসলাম:
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, কোথাও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন।
বুধবার (১৮ নভেম্বর) বাদ আছর শেরপুর বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডের করতোয়া গেটলক স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের যেকোনো স্থানে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করা হলে তা সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে। এ সময় তাঁরা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

