এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার গোকুল তমিরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও আধুনিক ও মানসম্মত করতে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে।
রোববার (২৬ জুলাই ২০২৬) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের রাজস্ব খাতে অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব এবং সদস্য সচিব কাউসার হাবিব সাকিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আইয়ুব উদ্দিন খান। বক্তারা বলেন, নতুন একাডেমিক ভবন শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করবে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

