এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার বেলকুচি ভিটারচরা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ধুনট সদর ইউনিয়নের বেলকুচি পূর্বপাড়া গ্রামের মৃত জামাল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৫৫) ও শফিকুল ইসলাম (৪৫)। বর্তমানে তারা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম তাদের পৈত্রিক ১২ শতক জমিতে ধান কাটতে গেলে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মকবুল হোসেনের ছেলে মোখলেসুর রহমান (৪৫), মিন্টু (৩৫), মুক্তালেব হোসেনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন ব্যক্তি পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের মারপিট করে গুরুতর আহত করে।
আহতদের অভিযোগ, হামলাকারীরা তাদের হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা চালিয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতরা জানিয়েছেন।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, “মারপিটের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

