এম.এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় নিজ বসতবাড়ি থেকে এক পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইমরুল কাদের সেলিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার (১৮ অক্টোবর) বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইবের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার তারাকান্দি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দণ্ডপ্রাপ্ত ইমরুল কাদের সেলিম তারাকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মতিয়ার রহমান।
অভিযানকালে তাঁর বসতবাড়ি থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

