এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের হওয়া নাশকতা মামলায় আবু হাসান সাগর (৩০) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সন্ধ্যায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু হাসান সাগর উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং জহুরুল ইসলামের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা সড়ক এলাকায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী মশাল মিছিল বের করে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, আবু হাসান সাগর মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আবু হাসান সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশের দাবি, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।

