দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
চীনের রাজধানী বেইজিংয়ে সরকারি সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে হাই-স্পিড ট্রেনে বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায় চীন সরকার।
স্টেশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (GACC)-এর মন্ত্রী ও চীনের কমিউনিস্ট পার্টির (CPC) কমিটির সেক্রেটারি সুন মেইজুন। রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিশেষ মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পরও তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে প্রধানমন্ত্রী চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) “সামার দাভোস” সম্মেলনে অংশ নেন। মঙ্গলবার “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে বক্তব্য দিয়ে তিনি জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন ও বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের ফাঁকে WEF প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগির সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।
বুধবার সকালে WEF-এর প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর বেইজিং সফরের মূল কর্মসূচি শুরু হবে বৃহস্পতিবার (২৫ জুন)। এদিন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘Bangladesh Investment Forum’-এ প্রধান বক্তা হিসেবে তিনি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, নীতিগত সুবিধা এবং অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর এবং চীন দ্বিতীয় সরকারি সফরের দেশ।

