এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া–বিলকাজুলী সড়ক সংলগ্ন জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬ ) বিকেলে পরিচালিত এ অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা।
অভিযান শেষে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে জালের কোনো মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় কাউকে জরিমানা বা অন্য কোনো দণ্ড প্রদান করা হয়নি।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন। অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত থেকে অভিযানে অংশ নেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে অবাধে মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

