এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলা যুবদলের অধীন ১০টি ইউনিয়ন ও সব ওয়ার্ড যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেলে উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ধুনট উপজেলার অধীনস্থ সব ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিদ্যমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান করতে শিগগিরই নতুন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, শিগগিরই ত্যাগী, সক্রিয় ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠন করা হবে।

