এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়া ধুনট উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বগুড়ার ধুনট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.)-এর মহান কোরবানির আদর্শ মানবজাতিকে আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণে উদ্বুদ্ধ করে।
তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়িত হলে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সুদৃঢ় হবে। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও হতদরিদ্র মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
ইউএনও বলেন, “পবিত্র ঈদুল আযহার খুশির দিনে আমরা যেন সকল হিংসা-বিদ্বেষ, বিভেদ ও হানাহানি ভুলে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে একযোগে কাজ করি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।”
তিনি ধুনট উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

