বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্স ভেঙে টাকা চুরি এবং কাঁসার বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে উপজেলার মাটিহাঁস ইউনিয়নের ডহরপুর শ্রী শ্রী কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ির ইনচার্জ, সাবেক মেয়র, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মন্দিরে যান। সেখানে তিনি মন্দিরের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
মন্দিরের পুরোহিত খগেন্দ্রনাথ প্রামাণিক জানান, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে পূজা-আরাধনা শেষে তিনি মন্দির থেকে বাড়িতে চলে যান। শুক্রবার সকাল ৮টার দিকে মন্দিরে এসে তিনি প্রতিমা ভাঙচুর, দানবাক্স ভেঙে টাকা চুরি এবং কাঁসার বিভিন্ন সামগ্রী চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান। পরে মন্দিরের পাশের একটি ডোবা থেকে ভাঙচুর করা প্রতিমাটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনকালে সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। নন্দীগ্রামে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে—এটাই প্রত্যাশা।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করার আহ্বান জানান। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি।
মোশারফ হোসেন আরও বলেন, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত কিংবা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনা দেন।

