দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর ২০২৬:জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে সংযুক্ত আরব আমিরাতের মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক অংশীদারত্ব এবং জনশক্তি বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন কার্যক্রমের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতাকে আরও কার্যকর ও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুই দেশের অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধার বিষয়গুলোকে সামনে রেখে ভবিষ্যতে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষের আগ্রহের কথা উঠে আসে।
সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও বাংলাদেশ-ইউএই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করা হয়। দেশটির সরকারি সংবাদ সংস্থা ওয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ আবদুল্লাহ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ইরিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পাচ্ছে।

