বগুড়া প্রতিনিধি:
বগুড়া বনানী থেকে শেরপুরের মির্জাপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করেছে সওজ কর্তৃপক্ষ। বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া ছয় লেন মহাসড়কের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযানে বৈধ স্থাপনাও ভেঙে ফেলার অভিযোগ করেছেন নয়মাইল এলাকার কয়েকজন ব্যবসায়ী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে উপজেলার নয়মাইল হাট থেকে মাঝিড়া পর্যন্ত মহাসড়কের দুই পাশে এ অভিযান চালানো হয়। রেভিনিউ কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে মহাসড়কের জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ ছাপড়া ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় কয়েকজন ব্যবসায়ী তাঁদের স্থাপনা বৈধ দাবি করে উচ্ছেদে বাধা দেওয়ার চেষ্টা করেন।
নয়মাইলের ব্যবসায়ী কাজী নজরুল ইসলাম বাচ্চু ও আব্দুল গাফফার অভিযোগ করেন, মহাসড়ক দখলমুক্ত করার নামে তাঁদের বৈধ স্থাপনাও ভেঙে দেওয়া হয়েছে। তাঁরা বিষয়টি যাচাই করে বৈধ স্থাপনা চিহ্নিত করার পর উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানান।
সওজ ও সাসেক সূত্র জানায়, ঢাকা-বগুড়া ছয় লেন মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন, যানজট নিরসন এবং নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে মহাসড়কের জায়গা দখলমুক্ত করা হচ্ছে। এর আগে অবৈধ দখলদারদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা অনুযায়ী স্থাপনা সরিয়ে না নেওয়ায় অভিযান পরিচালনা করা হয়েছে।
সওজ সূত্র আরও জানায়, নয়মাইল-মাঝিড়া মহাসড়ক এলাকায় আগামী দিনগুলোতেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

