দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার:পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি, বিদ্যমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।
সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি নিয়েও আলোচনা হয়। পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমাতে প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ কমাতে শুধু নীতিমালা প্রণয়ন করলেই হবে না, সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নিষিদ্ধ ও ক্ষতিকর প্লাস্টিক-পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করা, বর্জ্য যথাযথভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় পরিবেশ দূষণের বিভিন্ন উৎস চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার দায়িত্ব নির্ধারণ এবং চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিবেশ সুরক্ষায় আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

