এম, এ রাশেদ, স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবাসহ মারুফ হোসেন বাবু (৩৫) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মারুফ হোসেন বাবু শাজাহানপুর উপজেলার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলটির একজন কর্মী। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় মাঝিড়া বন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মারুফ হোসেন বাবুকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তবে মারুফ হোসেন বাবুর রাজনৈতিক পরিচয় ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

