এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে পড়ে থাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলার হেলিপ্যাডটি সংস্কারের পর প্রথমবারের মতো সেখানে অবতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (৮ জুলাই ২০২৬) দুপুর ১টা ২০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে শিবগঞ্জে পৌঁছান তিনি। এ সময় সংস্কারকৃত হেলিপ্যাডে নিরাপদে অবতরণ করেন সেনাপ্রধান। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় বহু বছর আগে একটি হেলিপ্যাডের স্থান নির্ধারণ করা হলেও দীর্ঘ সময় ধরে সেটি অযত্ন ও অবহেলায় পড়ে ছিল। ফলে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বা প্রশাসনিক প্রয়োজনে এর ব্যবহার কার্যত বন্ধ হয়ে যায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে সম্প্রতি হেলিপ্যাডটি সংস্কার ও ব্যবহার উপযোগী করা হয়।
সংস্কারের পর সেনাপ্রধানের এই অবতরণকে স্থানীয়ভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে দীর্ঘদিন অকার্যকর থাকা হেলিপ্যাডটি পুনরায় সরকারি ও জরুরি প্রয়োজনে ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচিত হলো। ভবিষ্যতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফর, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম এবং জরুরি প্রশাসনিক প্রয়োজনে হেলিপ্যাডটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর হেলিপ্যাডটি সচল হওয়ায় এলাকায় সরকারি কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে। একই সঙ্গে অবকাঠামোটির পুনর্ব্যবহার শিবগঞ্জের প্রশাসনিক ও কৌশলগত গুরুত্ব আরও বাড়াবে বলে তারা মনে করছেন।

