মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের আঘাতে আরেক চাচাতো ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন রাত আনুমানিক ৯টার দিকে বেলঘড়িয়া গ্রামের বাসিন্দা হযরত আলী (৫৫), পিতা-মৃত মফিজ উদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাই আব্দুর রহিম (৫২), পিতা-মৃত রইচ উদ্দিন প্রামানিক এবং চাচাতো ভাতিজা নাইম ইসলাম (১৮)-এর মধ্যে বাঁশঝাড়ের বাঁশের কোড়ল (নতুন চারা) ভেঙে ফেলা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।একপর্যায়ে ওই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, আব্দুর রহিম ও তার ছেলে নাইম ইসলাম পেরেকযুক্ত বাঁশ দিয়ে হযরত আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে হযরত আলীর মেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ঘটনার পরপরই শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

