মিন্টু ইসলাম: বগুড়ার শেরপুর পৌর শহরের ব্যস্ততম বিকাল বাজার রোডটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও পৌরবাসী।
শেরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ব্যস্ত এলাকা থেকে বিকাল বাজার রোডটি উত্তরাপ্লাজা, ডক্টরস, শেরশাহ নিউমার্কেট, সৈয়দা কমপ্লেক্স ও মুন ইরাফি গার্ডেন সিটির মতো গুরুত্বপূর্ণ ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। ব্যবসায়ীদের দাবি, দ্রুত সড়কটি পাকা ও টেকসইভাবে সংস্কার করা প্রয়োজন।
স্থানীয়দের অভিযোগ, গত ১৭ বছরে মাত্র একবার বিকাল বাজার রোড সংস্কার করা হলেও মাত্র তিন মাসের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে যায়। এরপর থেকে সড়কটি আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বারবার সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের।
শেরপুর পৌরসভা ১৮৭৬ সালের ২২ ফেব্রুয়ারি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়। ১৮৭৬ সালের বেঙ্গল অ্যাক্ট-৫-এর অধীনে মিউনিসিপ্যালিটি হিসেবে প্রতিষ্ঠিত এই পৌরসভা দীর্ঘ ১৪৯ বছর পার করলেও নাগরিক সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
পৌরবাসী সুমন দাস বলেন, “আমরা নামেমাত্র একটি পৌরসভার মানুষ। কিন্তু প্রকৃত নাগরিক সেবা পাচ্ছি না। বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা দেখলে মনে হয়, এর চেয়ে গ্রামের মানুষই শান্তিতে আছে।”
ব্যবসায়ীরা বলেন, বিকাল বাজার রোডটি শুধু একটি সড়ক নয়, এটি শহরের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকার অন্যতম প্রধান যোগাযোগপথ। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে।
কবে এই দুর্ভোগের স্থায়ী সমাধান হবে—এ প্রশ্নই এখন শেরপুরের ব্যবসায়ী ও পৌরবাসীর। তারা দ্রুত বিকাল বাজার রোডের টেকসই সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

