স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন বগুড়ার আদালত। একই ঘটনায় তাকে দলীয় সাংগঠনিক দায়িত্ব থেকেও সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার শুনানি শেষে বগুড়া সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তার রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান আসামির উপস্থিতিতে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, আদালতের আদেশ অনুযায়ী আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
গাজী সালাউদ্দিন তানভীর (৪২) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
মামলা দায়েরের পর রাজধানীর মিরপুরের মনিপুরী পাড়ার একটি বাসা থেকে গত বুধবার গোয়েন্দা পুলিশ (ডিবি) গাজী সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাকে বগুড়ায় এনে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তাকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।
এদিকে, দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগের ঘটনায় গত ৩১ জুলাই গাজী সালাউদ্দীন তানভীরকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের সিদ্ধান্তে এ ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে ২০২৫ সালেও গাজী সালাউদ্দিনকে একবার দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে তখন তাকে অব্যাহতি দেওয়া হয়। পরে এনসিপি সেই অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেয়।

