এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা রোধে পরিচালিত বিশেষ অভিযানে বগুড়া শহরের ফুলবাড়ী উত্তরপাড়া এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বুধবার (১০ জুন ২০২৬) বগুড়া সদর উপজেলায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদ। ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সজিব (২১) নামে এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক সজিব বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী উত্তরপাড়ার বাসিন্দা। তিনি মোঃ উজ্জল মোল্লার ছেলে।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের বিস্তার রোধে জেলা জুড়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

