এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বগুড়া মহানগরের সেউজগাড়ী ও চকসুত্রাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি, বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
অভিযানে তিনজনের কাছ থেকে মোট ২০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. নাছিরুজ্জামান খান (তপু), বয়স ৪১, পিতা মৃত আব্দুল খালেক খান, সাং জামিলনগর; মো. কোরমান আলী, বয়স ৩৫, পিতা মৃত ওমর আলী, সাং রাজাপুর, থানা বগুড়া সদর; এবং মো. রনি ইসলাম, বয়স ২১, পিতা মো. কজুমুদ্দীন, সাং শাকপালা, থানা শাজাহানপুর, জেলা বগুড়া।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। তৃতীয় আসামিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ধারাবাহিকভাবে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান জনমনে স্বস্তি তৈরি করছে। বিশেষ করে আবাসিক ও জনবহুল এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

